দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহর। স্ত্রীকে নিয়ে শহরটিতে থাকেন মেক্সিকো জাতীয় দলের ফুটবলার কার্লোস ভেলা। তার স্ত্রী সাইওয়া ক্যানিবানো জানিয়েছেন, বাড়িটি দাবানলের আগুনে পুড়ে গেছে। ভেলা লস অ্যাঞ্জেলেস ক্লাবের হয়ে মেজর লিগ সকালে খেলেন।
ক্যানিবানো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমাদের বাড়িটি গতকাল পুড়ে গেছে। এখানে যা ঘটেছে তার জন্য আমরা হতবিহ্বল হয়ে পড়েছি।’
‘সবকিছু পুড়ে যেতে দেখা খুব আতঙ্ক ও দুঃখের। আমাদের নিয়ে উদ্বিগ্ন যারা বার্তা দিয়েছেন তাদের বলছি, আমরা নিরাপদ আছি। ক্ষতিগ্রস্ত সকলকে অনেক ভালোবাসা এবং আশা করি তারা শিগগিরই আগুন নিভিয়ে ফেলবে।’
লস অ্যাঞ্জেলেস লেকার্স কোচ জে জে রেডিকের বাড়িও পুড়ে গেছে, বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। লেকার্সের ঘরের মাঠে হতে চলা শার্লোট হরনেটসের বিপক্ষের ম্যাচ স্থগিত করা হয়েছে।








