যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুযোগ-সুবিধার অপব্যবহার বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়লে ভিসা বাতিলসহ ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ হারানোর ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে দূতাবাস।
আজ (২৭ জুন) শনিবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বিদেশি দর্শনার্থীরা যদি করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
এতে আরও বলা হয়, অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসাধারীরা এ ধরনের সুবিধার অপব্যবহার করলে তাদের ভিসা বাতিল হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও তারা অযোগ্য বিবেচিত হতে পারেন।
মার্কিন দূতাবাস ভ্রমণকারীদের উদ্দেশে পরামর্শ দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র সফরের আগে নিজেদের ভ্রমণ ব্যয় বহনের পর্যাপ্ত আর্থিক সক্ষমতা নিশ্চিত করা উচিত। সরকারি সহায়তার ওপর নির্ভর না করে নিজস্ব অর্থায়নে ভ্রমণের প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
দূতাবাসের এই বার্তাকে বিদেশি ভ্রমণকারীদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন ও ভিসা-সংক্রান্ত নিয়মকানুন কঠোরভাবে অনুসরণের স্মারক হিসেবে দেখা হচ্ছে।







