যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে ঢাকায় সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
সোমবার (৪ মে) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধিদলটি আগামী ৫ থেকে ৭ মে ঢাকা সফর করবে। সফরকালে তারা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।
যুক্তরাষ্ট্র আশা করছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে দুই দেশ অংশীদারিত্বের ভিত্তিতে এগিয়ে যাবে। প্রস্তাবিত এই চুক্তি বাস্তবায়িত হলে উভয় দেশের বাজারে প্রবেশ সহজ হবে, বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর হবে এবং নতুন বাণিজ্যিক সুযোগ সৃষ্টি হবে।
এতে করে দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।








