যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’ আগামী ১৯ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। বার্ষিক এ দ্বিপক্ষীয় মহড়ায় দুই দেশের ১৬০ জনের বেশি সামরিক সদস্য অংশ করবেন।
শনিবার ১৮ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহড়াটির মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে এবং বাস্তব পরিস্থিতিতে যৌথভাবে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি পাবে।
এবারের মহড়ায় জঙ্গলাঞ্চলে অভিযান পরিচালনা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং যুদ্ধক্ষেত্রে আহতদের চিকিৎসা ও সরিয়ে নেওয়ার কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আয়োজকদের মতে, এ প্রশিক্ষণ উভয় দেশের সেনাসদস্যদের একে অপরের সক্ষমতা, কৌশল ও অভিজ্ঞতা সম্পর্কে আরও গভীর ধারণা লাভে সহায়তা করবে।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ হিসেবে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এর উদ্দেশ্য হলো দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত সম্পর্ক শক্তিশালী করা, কার্যক্রম পরিচালনার দক্ষতা ও প্রস্তুতি বাড়ানো এবং পারস্পরিক সমন্বয় ও আন্ত:কার্যক্ষমতা উন্নত করা।
উল্লেখ্য, ‘টাইগার লাইটনিং’ মহড়া ২০১৭ সালে শুরু হয়। কোভিড-১৯ মহামারির সময় এটি সাময়িকভাবে স্থগিত থাকলেও গত পাঁচ বছর ধরে নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে। শ্রেণিকক্ষভিত্তিক ও মাঠপর্যায়ের প্রশিক্ষণের সমন্বয়ে পরিচালিত এ মহড়ার শেষ পর্বে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ অনুষ্ঠিত হবে।









