চীনের ওপর নির্ভরতা কমাতে অস্ট্রেলিয়ার একটি বিরল খনিজ প্রকল্পে ৪০ কোটি ডলারের ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্রস্তাবিত খনিটি বিশ্বের প্রথম প্রাথমিক স্ক্যান্ডিয়াম খনি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে জানায়, অস্ট্রেলীয় খনি কোম্পানি সানরাইজ এনার্জি মেটালসকে এই ঋণ দেওয়ার জন্য শর্তসাপেক্ষ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রকল্পটি খনি থেকে চূড়ান্ত পণ্য পর্যন্ত পশ্চিমা দেশগুলোর সরবরাহব্যবস্থা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে পেন্টাগন।
সানরাইজ এনার্জি মেটালস জানিয়েছে, নিউ সাউথ ওয়েলসের ফিফিল্ড এলাকায় তাদের সিয়ার্সটন স্ক্যান্ডিয়াম প্রজেক্টকে পশ্চিমা বিশ্বের স্ক্যান্ডিয়াম সরবরাহের অন্যতম প্রধান উৎস হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
স্ক্যান্ডিয়াম একটি গুরুত্বপূর্ণ বিরল খনিজ, যা উড়োজাহাজ, প্রতিরক্ষা সরঞ্জাম, ডেটা সেন্টার এবং ৫জি ও ৬জি টেলিযোগাযোগ প্রযুক্তিতে ব্যবহৃত হয়। অ্যালুমিনিয়ামের সঙ্গে স্ক্যান্ডিয়াম মেশালে তা আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি তাপ ও ক্ষয় প্রতিরোধী হয়। বর্তমানে স্ক্যান্ডিয়ামের বৈশ্বিক সরবরাহ ও প্রক্রিয়াজাতকরণে চীনের আধিপত্য রয়েছে।
সাধারণত অন্যান্য খনিজ উত্তোলনের সময় উপজাত হিসেবে স্ক্যান্ডিয়াম পাওয়া যায়। তবে নিউ সাউথ ওয়েলসে বিশ্বের অন্যতম উচ্চ ঘনত্বে এই খনিজের মজুত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। প্রতিরক্ষা খাতে ব্যবহৃত পণ্যের জন্য চীন গত বছর স্ক্যান্ডিয়ামসহ গুরুত্বপূর্ণ খনিজের রপ্তানি নিয়ন্ত্রণ করায় বিকল্প সরবরাহকারী খুঁজতে শুরু করে যুক্তরাষ্ট্র।
এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ নিয়ে সহযোগিতা বাড়াচ্ছে ওয়াশিংটন। গত অক্টোবর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ চীনের ওপর নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ খনিজ বিষয়ে একটি চুক্তি সই করেন। চুক্তি অনুযায়ী, দুই দেশই বিভিন্ন প্রকল্পে ১০০ কোটি ডলার করে বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়।
এদিকে সানরাইজ এনার্জি মেটালস গত বছর মার্কিন প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান লকহিড মার্টিনের সঙ্গে একটি চুক্তি করে। চুক্তি অনুযায়ী, খনি চালুর পর প্রথম পাঁচ বছর উৎপাদিত স্ক্যান্ডিয়ামের ২৫ শতাংশ লকহিড মার্টিনকে সরবরাহ করার কথা রয়েছে।








