পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-এর অধীনস্থ বিশেষ ইউনিট মাজিদ ব্রিগেডকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার ১১ আগস্ট যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রদত্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে বলা হয়, এই সিদ্ধান্ত সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির অংশ। মাজিদ ব্রিগেডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বিবৃতিতে বলা হয়েছে, মাজিদ ব্রিগেডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করার ফলে এর আর্থিক লেনদেন, অস্ত্র সংগ্রহ ও আন্তর্জাতিক যোগাযোগে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হবে। সন্ত্রাসী কার্যক্রমে সম্পৃক্তদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সুযোগও তৈরি হলো। সন্ত্রাসী কার্যকলাপের প্রতি আন্তর্জাতিক সমর্থন কমিয়ে আনা এবং তাদের আর্থিক নেটওয়ার্ক ধ্বংস করাই এই সিদ্ধান্তের লক্ষ্য।
এর আগেই, ২০১৯ সালে একাধিক প্রাণঘাতী হামলার দায় স্বীকারের পর পুরো বিএলএ-কে ‘বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তখন থেকেই মাজিদ ব্রিগেড বিশেষভাবে নজরদারির আওতায় ছিল, কারণ অধিকাংশ হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে এই ইউনিটটির সম্পৃক্ততা পাওয়া যায়।








