গাজার মানুষদের জন্য চিকিৎসা সংক্রান্ত সমস্ত ভিজিটর ভিসা বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। কিছু ফিলিস্তিনি অধিকার গোষ্ঠী এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।
রোববার (১৭ আগষ্ট) সংবাদমাধ্যম বিবিসিতে এই তথ্য প্রকাশ করা হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক্স-এ জানিয়েছে, ‘সাম্প্রতিক দিনগুলোতে অল্প সংখ্যক অস্থায়ী চিকিৎসা-মানবিক ভিসা প্রদানের জন্য ব্যবহৃত প্রক্রিয়া এবং এ পদ্ধতির পূর্ণাঙ্গ ও পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করার জন্য এই বিরতি জারি করা হয়েছে।’
ফিলিস্তিনি শিশু ত্রাণ তহবিল এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই সিদ্ধান্ত গাজা থেকে আহত এবং গুরুতর অসুস্থ শিশুদের জীবন রক্ষাকারী চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে আনার আমাদের ক্ষমতার উপর এক বিধ্বংসী এবং অপরিবর্তনীয় প্রভাব ফেলবে।’
অতি ডানপন্থী কর্মী লরা লুমার এক্সে এ ভিসা কর্মসূচির সমালোচনা করে এবং ট্রাম্প প্রশাসনকে এই জঘন্য কাজ বন্ধ করার আহ্বান জানিয়ে একাধিক পোস্ট লেখার পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের নীতিতে পরিবর্তন আসে।
লুমার এক্সে শনিবারের পরবর্তী পোস্টগুলোতে, এই পরিবর্তনের জন্য কৃতিত্ব গ্রহণ করেন এবং সাময়িকভাবে ভিসা বন্ধ করার জন্য সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওকে ধন্যবাদ জানান।
ফিলিস্তিনি শিশু ত্রাণ তহবিল জানায়, তারা ২০২৪ সালে গাজা থেকে ১৬৯ জন শিশুকে বিদেশে চিকিৎসা কর্মসূচির অংশ হিসেবে নিয়ে গেছে। তাদেরকে মধ্যপ্রাচ্য, ইউরোপ, দক্ষিণ আফ্রিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা জানিয়েছে তারা।







