হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রতি জাতিসংঘের শ্রদ্ধা নিবেদন বয়কট করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (৩০ মে) এক মার্কিন কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, আজ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবে জাতিসংঘ। এসময় রাইসিকে নিয়ে একটি বক্তৃতা দেওয়া হবে। তবে এটি বয়কট করেছে যুক্তরাষ্ট্র।
প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
ঐতিহ্যগতভাবে কোনও রাষ্ট্রের প্রধান থাকাকালীন কোনও বিশ্বনেতার মৃত্যু হলে তাকে শ্রদ্ধা জানাতে জাতিসংঘের সাধারণ পরিষদের ১৯৩ সদস্য একসঙ্গে মিলিত হয়।
প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘আমরা কোনভাবেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব না।’
যদিও এর আগে, কোনও নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান বয়কট করেনি যুক্তরাষ্ট্র।







