সিরিয়ার অন্তত ৯টি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। তবে এই হামলায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আবার ইয়েমেনে পশ্চিমা দুই দেশ যৌথ হামলা চালিয়েছে। বিভিন্ন লক্ষ্যবস্তুতে চালানো এই হামলায় নেতৃত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র।
সিএনএন জানিয়েছে, ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় শহর হোদেইদাহের বেশ কয়েটি লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তবে কতজন হতাহত হয়েছে, তা এখনো জানা যায়নি। ধারণা ইয়েমেনের গোষ্ঠী হুতিদের স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) গতকাল সোমবার এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার ওই স্থাপনাগুলোয় ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর ঘাঁটি রয়েছে। সিরিয়ায় ৯০০ ও ইরাকে আড়াই হাজার মার্কিন সেনা বর্তমানে অবস্থান করছে। মূলত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পুনরুত্থান ঠেকাতে স্থানীয় সামরিক বাহিনীকে সাহায্য করার জন্য এসব সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
গত ২৪ ঘণ্টায় সিরিয়ায় মার্কিন নাগরিকদের ওপর বেশ কয়েকটি হামলা হয়েছে। এসব হামলার জবাবে মার্কিন বাহিনী অভিযান চালিয়েছে বলে দাবি করেছে পেন্টাগন।







