গত কয়েক দশকে রাজনীতিতে নাম লিখিয়েছেন বলিউডের অনেক তারকা। যাদের মধ্যে সাংসদ থেকে শুরু করে মন্ত্রীর আসনে বসার সৌভাগ্যও হয়েছে কয়েকজনের। অগ্রজ সেইসব অভিনেতা-অভিনেত্রীর পথ অনুসরণ করে এবার রাজনীতির ময়দানে পা রাখতে যাচ্ছেন উর্বশী রাউতেলা।
সম্প্রতি ‘জেএনইউ: জাহাঙ্গীর ন্যাশনাল ইউনিভার্সিটি’ সিনেমার প্রচারণায় বেরিয়েছিলেন উর্বশী। সেখানেই এক সাক্ষাৎকারে এই বলিউড তারকা দাবি করেছেন, ভারতের আগামী লোকসভা নির্বাচনের জন্য একটি রাজনৈতিক দল তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব পেয়েছেন।
তবে কোন দল, তা উল্লেখ করেননি। উর্বশী বলেন, ‘‘আমি টিকিট পেয়ে গিয়েছি। এ বার আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি রাজনীতিতে নামব কি না। আমি এত দিন আমার অনুরাগীদের জন্য সব করেছি। এবারও তারাই বলুন, আমার কী করা উচিত। তবে রাজনীতিতে যোগ দিলে সৎ রাজনীতিবিদ হবো।’’
এদিকে উর্বশীর একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। যেখানে অনুরাগীদের উদ্দেশে তাকে বলতে দেখা গেছে, ‘রাজনীতিতে পা রাখব কিনা সিদ্ধান্ত নিতে পারছি না। এ বিষয়ে সবার মতামত জানতে চাই। প্লিজ কমেন্ট করে জানান।’
ভিডিওতে উর্বশীর এমন অনুরোধ হাসির খোরাক হয়ে উঠেছে নেটিজেনদের। বলিউড বাসিন্দারাও মেতে উঠেছেন আলোচনা-সমালোচনায়। কেউ আবার কটাক্ষ করে বলেছেন, ‘রাজনীতি কোনো খেলা নয়, যা নিয়ে লোকজনকে জিজ্ঞেস করতে হবে, মাঠে নামব কী নামব না।’
অনেকে কৌতূহল নিয়ে অভিনেত্রীকে প্রশ্ন করেছেন, তিনি কি সত্যি কথা বলছেন, নাকি ভক্ত-অনুরাগীদের নিয়ে এক ধরনের মজা করছেন? এমন আরও কিছু প্রশ্ন প্রতিনিয়ত ছুটে আসছে উর্বশীর দিকে। কিন্তু এখন তিনি পুরোপুরি মুখে কুলুপ এঁটে আছেন।
রাজনীতিতে আসুন বা না আসুন, ক্যামেরার সামনে না দাঁড়িয়ে উপায় নেই উর্বশীর। কেননা এ মুহূর্তে তার আছে বেশ কিছু সিনেমার কাজ। চলতি বছর তার অভিনীত ‘ইন্সপেক্টর অবিনাশ’, ‘এনবিকে ১০৯’, ‘দিল হ্যায় গ্রে’সহ আরও কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে।- নিউজ ১৮







