রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মারমা দুর্বৃত্তের গুলিতে আহত হওয়ার ৯দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার ৩০ মে রাত ১১:৪৮ মিনিটে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ।
বিলাইছড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীরত্তোম তঞ্চঙ্গ্যা জানান, গত ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের দিন বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মারমা দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ হন।
তিনি জানান, পরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বুধবার ২২মে ভোর ৬টায় রুমা সদর হাসপাতালে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা শেষে চেয়ারম্যানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়। ৯ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি ৩০ মে রাতে মারা যান।
ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








