পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই, আগের আদেশ স্থগিত

ছবি: সংগৃহীত।
এইচএসসির পুনঃপরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা নিতে আর কোনো বাধা নেই। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।
সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, গত ১৮ নভেম্বর এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
ওই আদেশ স্থগিত চেয়ে ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। পরে আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়।
এর আগে, ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সভা শেষে আগামী জানুয়ারি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি আবেদনের কার্যক্রম শুরুর কথা জানিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে ১৮ নভেম্বরের সভায় আগের সিদ্ধান্ত পরিবর্তন করে সংস্থাটি।





