দুর্দান্ত বোলিংয়ে নেপালকে অল্পরানে আটকে দিয়ে অর্ধেক কাজ আগেই সেরে রেখেছিল বাংলাদেশ। বাকি কাজটা ঠিকঠাক সেরে ফেলেন টাইগ্রেস ব্যাটাররা। অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের সঙ্গে ৫ উইকেটে জিতেছে জুনিয়র টিম টাইগ্রেস।
মালয়েশিয়ায় ইউকেএম ক্রিকেট ওভালে শনিবার টসে জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান টাইগ্রেস অধিনায়ক সুমাইয়া আক্তার। নিজেদের প্রথম ম্যাচে সব উইকেট হারিয়ে ১৮.২ ওভারে ৫২ রান সংগ্রহ করে নেপাল। জবাবে ১৩.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।
রানতাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১১ রানে তিন টপঅর্ডারকে হারায় সুমাইয়া আক্তারের দল। প্রথম ওভারে রচনা চৌধুরীর বলে ক্যাচ নিয়ে সুমাইয়া আক্তার সুবর্ণাকে ফেরান রিয়া শর্মা। সুমাইয়ার ব্যাট থেকে আসে ৪ রান।
দ্বিতীয় ওভারে বল হাতে আসেন রিয়া। আরেক ওপেনার ফাহমিদা ছোয়াকে বোল্ড করে ফেরান তিনি। ফাহমিদা করেন ১ রান। টাইগ্রেস উইকেটরক্ষক-ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌসও পারেননি চাপ সামাল দিতে। অল্প লক্ষ্যে নেমে তাড়াহুড়ায় রান নিতে গিয়ে ২ রানে আউট হয়ে ফেরেন তিনি।
পরে ধরে খেলার চেষ্টা করেন সাদিয়া ইসলাম ও অধিনায়ক সুমাইয়া আক্তার। দুজনের জুটিতে আসে ২১ রান। ১৬ রান করে আউট হন সাদিয়া। ১২ রান করে অধিনায়ক সুমাইয়া আউট হলে কিছুটা চাপে পরে লাল-সবুজের দল। শেষদিকে দেখেশুনে ব্যাট চালিয়ে আফিয়া আশিমা ইরা (৯) ও জান্নাতুল মাওয়া (৫) অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।
এর আগে নেপালের উইকেট ধসের শুরুটা করেন নিশিতা। ওপেনার সাবিত্রী ধামি বড় শট খেলার চেষ্টা করেন, ক্যাচ উঠে যায়, ফিরতি ক্যাচ নেন ১৬ বর্ষী ডানহাতি টাইগ্রেস। প্রথম উইকেট হারিয়ে চাপে পড়লে সামাল দেয়ার চেষ্টা করেন আরেক ওপেনার সানা প্রভিন। তিনি ধরে খেলার চেষ্টা করেন। কিন্তু অন্যপ্রান্ত থেকে একের পর এক উইকেট হারাতে থাকে নেপাল।
উইকেটে আসা-যাওয়ার মিছিলে নেপালের হয়ে সর্বোচ্চ ১৯ রানের ইনিংস খেলেন প্রভিন। ১০ রান আসে সীমানা কেসির ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন জান্নাতুল। একটি করে উইকেট শিকার করেছেন আনিসা আক্তার সোবা, ফাহমিদা ছোঁয়া ও নিশিতা। বাকি ৫ উইকেট পড়েছে রানআউট।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মেয়েদের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। স্কটিশদের দেয়া ৪৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৬.৪ ওভারে কেবল এক উইকেট হারিয়ে জয় তুলে নেন অজি মেয়েরা। আরেক ম্যাচে ইংল্যান্ডের দেয়া ১৪৪ রানের লক্ষ্যে নেমে ৩.৫ ওভারে ২ উইকেটে ২৮ রান করে আয়ারল্যান্ড। এরপর শুরু হয় বৃষ্টি। শেষপর্যন্ত পরিত্যক্ত হয় ম্যাচ। একই কারণে পরিত্যক্ত নাইজেরিয়া ও সামোয়ার মেয়েদের ম্যাচও।







