জান্নাতুল মাওয়া-নিশিতা আক্তারদের দুর্দান্ত বোলিংয়ে নেপালকে অল্পরানে আটকে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সব উইকেট হারিয়ে ১৮.২ ওভারে ৫২ রান সংগ্রহ করেছে নেপাল। জয়ের জন্য লাল-সবুজদের চাই সবে ৫৩ রান।
মালয়েশিয়ায় ইউকেএম ক্রিকেট ওভালে শনিবার টসে জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান টাইগ্রেস অধিনায়ক সুমাইয়া আক্তার। শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে নেপাল। ম্যাচের নিয়ন্ত্রণ আসে লাল-সবুজদের হাতে।
নেপালের উইকেট ধসের শুরুটা করেন নিশিতা। ওপেনার সাবিত্রী ধামি বড় শট খেলার চেষ্টা করেন, ক্যাচ উঠে যায়, ফিরতি ক্যাচ নেন ১৬ বর্ষী ডানহাতি টাইগ্রেস। প্রথম উইকেট হারিয়ে চাপে পড়লে সামাল দেয়ার চেষ্টা করেন আরেক ওপেনার সানা প্রভিন। তিনি ধরে খেলার চেষ্টা করেন। কিন্তু অন্যপ্রান্ত থেকে একের পর এক উইকেট হারাতে থাকে নেপাল।
উইকেটে আসা-যাওয়ার মিছিলে নেপালের হয়ে সর্বোচ্চ ১৯ রানের ইনিংস খেলেন প্রভিন। ১০ রান আসে সীমানা কেসির ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন জান্নাতুল। একটি করে উইকেট শিকার করেছেন আনিসা আক্তার সোবা, ফাহমিদা ছোঁয়া ও নিশিতা।







