মালয়েশিয়ায় চলছে অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে স্বাগতিকরা মুখোমুখি হয় শ্রীলঙ্কার। ম্যাচে সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছে মালয়েশিয়ার মেয়েরা।
রোববার প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাটে নেমে ১৪.১ ওভারে ২৩ রানে গুটিয়ে যায় স্বাগতিক দল। ১৩৯ রানে জয় পায় লঙ্কান মেয়েরা।
ছেলেদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন ২২ রানে অলআউট হওয়ার নজির রয়েছে স্কটল্যান্ডের। যা যেকোনো পর্যায়ের (ছেলে-মেয়ে উভয়) সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব আসরে সর্বনিম্ন। অন্যদিকে, এতদিন মেয়েদের জাতীয় দল কিংবা বয়সভিত্তিক টি-টুয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে কম ২৫ রানের রেকর্ডটি ছিল জিম্বাবুয়ের। তাদেরও ছাড়িয়ে গেল মালয়েশিয়া।
দিনের আরেক ম্যাচে ভারতের মেয়েদের বিপক্ষে আগে ব্যাটে নেমে কেবল ৪৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৪.২ ওভারের ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত।







