রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধে পূর্বের যেকোন সময়ের চেয়ে এই মাসে বেশি সংখ্যক রাশিয়ান সৈন্য মারা যাচ্ছে বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির দেওয়া তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে প্রতিদিন ৮২৪ জন রাশিয়ান সৈন্য মারা যাচ্ছে।
রবিবার (১২ ফেব্রুয়ারি) বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এই পরিসংখ্যান তুলে ধরেছে ইউক্রেন। পরিসংখ্যান যাচাই করার তেমন সুযোগ না থাকলেও যুক্তরাজ্য বলছে, ‘সম্ভবত এটাই সঠিক’।
ইউক্রেনের দেওয়া তথ্য অনুসারে, প্রতিদিন ৮২৪ রুশ সৈন্য মারা যাচ্ছে, যা জুন এবং জুলাই মাসের প্রকাশিত তথ্যের চারগুণেরও বেশি। তখন প্রতিদিন প্রায় ১৭২ রাশিয়ান সৈন্য মারা গিয়েছিল।
এছাড়াও ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করছে, আগ্রাসন শুরুর পর থেকে এক লাখ ৩৭ হাজার ৭৮০ জন রুশ সেনা নিহত হয়েছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ান বাহিনীর আক্রমণের মধ্যে এই তথ্য প্রকাশ পেয়েছে। গত সপ্তাহে ইউক্রেনের বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেন, ২৪ ফেব্রুয়ারির দিকে রাশিয়া ‘যুদ্ধের বর্ষপূর্তিতে’ আক্রমণ চালাবে ইউক্রেন।
তবে লুহানস্ক এবং দোনেৎস্কের গভর্নরসহ কিছু স্থানীয় রাজনীতিবিদ দাবি করছেন, আক্রমণ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। দেশটির পূর্বে বাখমুতের চারপাশে প্রচণ্ড লড়াই হয়েছে।
রোববার রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান বলেছেন, তারা বিধ্বস্ত শহরের কাছে একটি এলাকা দখল করেছে।







