কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় মোহাম্মদ নবী নামে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ মোহাম্মদ নবী ক্যাম্প ৮ নম্বর ইস্টের বি ৩৯ নম্বর ব্লকের মোহাম্মদ কাশিমের পুত্র।
এ ঘটনার পর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ মোহাম্মদ নবীর বাড়ি থেকে একটি গ্রেনেড উদ্ধার করে।
৮-এপিবিএন পুলিশ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ জানান, পুলিশ ওই এলাকা ঘিরে রেখে আরও অভিযান চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আজ শুক্রবার বিকেলে ১০/১২ জনের একদল দুষ্কৃতকারী বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮ ইস্টের বি ব্লকে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এসময় সন্ত্রাসী গ্রুপের মধ্যে বেশ কিছু সময় গোলাগুলি হয়। খবর পেয়ে ৮ এপিবিএন পুলিশসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। পরে মোহাম্মদ নবীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি গ্রেনেড পায় পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গুলিবিদ্ধ মোহাম্মদ নবীকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।








