বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী নির্বাচন হয়নি: যুক্তরাজ্য

A close-up of the Foreign, Commonwealth & Development Office signboard in London, UK, showing the official emblem. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী হয়নি বলে বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে এ কথা বলেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘গণতান্ত্রিক কোনো নির্বাচন নির্ভর করে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার ওপর। মানবাধিকার, আইনের শাসন ও যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রাখা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য একটি উপাদান। নির্বাচনের সময় এসব মানদণ্ড মেনে চলা হয়নি। ভোটের আগে উল্লেখযোগ্যসংখ্যক বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করার বিষয়ে আমরা উদ্বিগ্ন।’
রাজনীতিতে এ ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই বলে বিবৃতিতে উল্লেখ করে নির্বাচনের আগে এবং নির্বাচনের প্রচার চলাকালে সহিংসতা ও ভয়ভীতি দেখানোর কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য।
নির্বাচন নিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সব দল নির্বাচনে অংশ নেয়নি। সে কারণে বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না।’
যুক্তরাজ্য ও বাংলাদেশের ঐতিহাসিক ও গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, একটি টেকসই রাজনৈতিক সমঝোতা ও সক্রিয় নাগরিক সমাজের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হলে দীর্ঘ মেয়াদে দেশের প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে।
বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি মতভিন্নতা দূর করে জনগণের স্বার্থে সামনে এগিয়ে যাওয়ার অভিন্ন পথ বের করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। এই প্রক্রিয়ায় সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিবৃতিতে।






