চ্যাম্পিয়ন্স লিগে ২০২৪-২৫ মৌসুমের ড্র হবে রাতে। এবারের আসরে দল বেড়েছে, ৩২ থেকে ৩৬ করা হয়েছে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের জমজমাট আসরের কাঠামোতে উল্লেখযোগ্য কিছু পরিবর্তনও এনেছে উয়েফা।
চ্যাম্পিয়ন্স লিগে দল বাড়ার সাথে ম্যাচের সংখ্যা বেড়ে গেছে অবধারিতভাবেই। আগে ৩২ দল নিয়ে ৯৬টি ম্যাচ হতো, এখন ৩৬ দল হওয়ায় সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৪৪ ম্যাচে। আর্থিক পুরস্কারের পরিমাণও বেড়েছে দলগুলোর জন্য। এবারের আসরের মোট আর্থিক পুরস্কার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ কোটি ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ হাজার ৩১০ কোটি টাকা।
এবারের লিগপর্বের ড্র হবে চারটি পটে দলগুলোকে রেখে। প্রতিটি পটে ৯টি করে দল থাকবে। আসরে কোনো গ্রুপপর্ব থাকবে না এবং পয়েন্ট তালিকা হবে একটি। প্রথমপর্বে দ্বৈবচয়ন পদ্ধতিতে প্রতিটি দল আটটি দলের বিপক্ষে খেলবে। প্রতিটি দল চারটি করে ম্যাচ ঘরের মাঠে এবং চারটি প্রতিপক্ষের মাঠে খেলবে।
প্রথমপর্বে খেলা দলগুলোর মধ্যে পয়েন্ট তালিকার সেরা আটটি দল সরাসরি শেষ ষোলোয় খেলার যোগ্যতা অর্জন করবে। বাকি আট দল আসবে প্লে-অফের মাধ্যমে। নবম থেকে ২৪ পর্যন্ত দলগুলোর মধ্যে প্লে-অফ থেকে শেষ ষোলোর বাকি আটটি দল নির্ধারিত হবে। পয়েন্টে তলানির বাকি দলগুলো বাদ পড়ে যাবে। আগের মতোই কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল হবে।
এবারের আসরে চ্যাম্পিয়ন দল বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার কোটি টাকার প্রাইজমানি পাবে। চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়া প্রতিটি দল ১ কোটি ৮৬ লাখ ইউরো পাবে। প্রতিটি জয়ের জন্য ২১ লাখ ও প্রতিটি ড্রর জন্য ৭ লাখ করে ইউরো পাবে দলগুলো। পয়েন্ট তালিকায় অবস্থানের ভিত্তিতে ৯৯ লাখ ইউরো ভাগ করে দেয়া হবে ৩৬টি দলকে। কোনো দল নকআউট পর্বের একটি করে ধাপ উতরে গেলে ১ কোটি ১০ লাখ ইউরো বোনাস পাবে।
পট-১: রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, প্যারিস সেইন্ট জার্মেইন, লিভারপুল, ইন্টার মিলান, বরুসিয়া ডর্টমুন্ড, আরবি লেইপজিগ, বার্সেলোনা।
পট-২: বেয়ার লেভারকুসেন, অ্যাটলেটিকো মাদ্রিদ, আটালান্টা, জুভেন্টাস, বেনফিকা, আর্সেনাল, ক্লাব ব্রুগে, শাখতার দোনেস্কৎ, এসি মিলান।
পট-৩: ফেয়নর্দ, স্পোর্টিং সিপি, পিএসভি আইন্দোহভেন, ডায়নামো জাগরেব, সলজবুর্গ, লিল, ক্রভেনা জাভেজদা, ইয়ং বয়েজ, সেলটিক।
পট-৪: স্লোভান ব্রাতিস্লাভা, মোনাকো, স্পার্টা প্রাহা, অ্যাস্টন ভিলা, বোলোগনা, জিরোনা, স্টুটগার্ড, স্ট্রাম গ্রাজ, ব্রেস্ত।







