ক্রিকেট

নেপালকে ১৬৯ রানে আটকাল যুবা টাইগাররা

বাংলাদেশ ক্রিকেটার আনন্দিত, নেপালকে ১৬৯ রানে আটকাল যুবা টাইগাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ যুবা ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাসে মেতে উঠেছেন, নেপালকে ১৬৯ রানে আটকালেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপপর্বে দ্বিতীয় স্থান নিয়ে সুপার সিক্সে এসেছে বাংলাদেশ। সেমিফাইনালের পথে সমীকরণের মারপ্যাঁচ থাকায় সুপার পর্বে নিজেদের প্রথম ম্যাচই বাঁচা-মরার হয়ে দাঁড়িয়েছে যুবা টাইগারদের। সেই লড়াইয়ে নেপালকে ১৬৯ রানে থামিয়েছে মাহফুজুর রহমান রাব্বির দল।

সেমির পথ সুগম করতে নেপালের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। সুপার সিক্সে ক্যারি পয়েন্ট আর রানরেটের জটিল হিসেবে আটকে আছে যুব টাইগার দল। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস জিতে নেপালকে ব্যাটে পাঠায় বাংলাদেশ। শেখ পারভেজ জীবন ও রোহনাত দৌলা বর্ষণের বোলিং তোপে ইনিংসের এক বল বাকি থাকতে ১৬৯ রানে থামে নেপালের ইনিংস।

সাউথ আফ্রিকার ব্লুমফন্টেইনে নেপালকে ব্যাটে পাঠিয়ে ২৯ রানে ৩ ব্যাটারকে ফেরায় টাইগার দল। চাপে পড়া নেপালের হাল ধরেন দেব খানাই ও বিশাল বিক্রম কেসি। চতুর্থ উইকেট জুটিতে ১১৫ বলে ৬২ রান তোলেন দুজনে।

২৭.৪ ওভারে ৯১ রানে দেব খানাইকে ফিরিয়ে জুটি ভাঙেন জিসান আলম। ৬০ বলে ৩৫ রান করেন দেব। পরে বিশাল একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে আরও তিন ব্যাটারকে হারায় নেপাল। ৪২.৪ ওভারে বিশালকে ফেরান বর্ষণ। ১০০ বলে ৪৮ রান করেন তিনি। ৪৯.৫ ওভারে ১৬৯ রানে গুটিয়ে যায় নেপালের ইনিংস। সুভাষ ভাণ্ডারী ৩৫ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন।

টাইগার বোলারদের হয়ে রোহনাত দৌলা বর্ষণ চারটি, শেখ পারভেজ জীবন নেন তিনটি উইকেট। ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা ও জিসান আলম নেন একটি করে উইকেট।

বিষয়:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জীবন নেপাল বর্ষণ বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…