জাম্বিয়ায় দক্ষিণ লুয়াংওয়া জাতীয় উদ্যানে ভ্রমনের সময় একটি মা হাতির আক্রমণে দুইজন মহিলা পর্যটক নিহত হয়েছেন।
বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) স্থানীয় পুলিশ প্রধান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, যুক্তরাজ্যের ইস্টন টেলর (৬৮) এবং নিউজিল্যান্ডের অ্যালিসন টেলর (৬৭)।
পুলিশ প্রধান বলেন, রাজধানী লুসাকা থেকে প্রায় ৬০০ কিলোমিটার (৩৭০ মাইল) দূরে বিগ লেগুন ক্যাম্পে চার দিন অবস্থান করেছিলেন দুই পর্যটক। মহিলা পর্যটক দুজন বৃহস্পতিবার পার্কে হাঁটছিলেন, ঠিক তখনই হাতিটি দ্রুত গতিতে তাদের পিছন থেকে আক্রমণ করে। তাদের সাথে থাকা সাফারি ট্যুর গাইডদের গুলিতে মা হাতিটিকে থামানোর চেষ্টায় ব্যর্থ হওয়ায়, হাতিটি দুই পর্যটককে পদদলিত করে হত্যা করে। ঘটনাস্থলেই দুই মহিলার মৃত্যু হয়।
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা জাম্বিয়ায় নিহতের একজন ব্রিটিশ মহিলার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছে।







