ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। তারা দু’জন সম্পর্কে ভাই। তাদের একজন এই ঘটনা মূলহোতা বলে দাবি করেছে পুলিশ।
সোমবার ২৪ ফেব্রুয়ারি রাতে নেত্রকোনা এবং ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২ টার দিকে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, চার হাজার ২১০ টাকা, দুইটি ছুরি, দুইটি রুপার আংটি, এনআইডি কার্ড, এটিএম কার্ডসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, এই ডাকাত দলের মূল হোতা প্রাথমিকভাবে বাস ডাকাতির কথা স্বীকার করেছেন। সর্বশেষ গ্রেপ্তার দুই জনের একজনের ৭ দিনের রিমান্ড এবং অন্যজনের ৫ দিনের রিমান্ড চাওয়া হবে।
এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।







