রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক মারা গেছেন। মৃতরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ–এর প্রধান প্রতিবেদক মো. রবিউল আলম রাজু (৫৫) এবং দৈনিক সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান (৪৫)। তারা দুজনই উত্তরা প্রেস ক্লাবের সদস্য ছিলেন।
আজ ১৬ জুলাই বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে উত্তরা জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মী এলাকার মাঝামাঝি উত্তরা-বিমানবন্দর সড়কে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং ঘাতক বাসটি শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, গভীর রাতে উত্তরা প্রেস ক্লাবে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা দলের খেলা দেখে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন তারা। এসময় উত্তরার জসীমউদ্দীন সড়ক দিয়ে মহাসড়ক পার হওয়ার সময় একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।
দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। উত্তরা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, সদস্য ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশের পাশাপাশি দুর্ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।







