রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের দুলোবনিয়া এলাকায় পাহাড়িদের বিবাদমান দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ মে) সন্ধ্যায় ও মঙ্গলবার (১৪ মে) সকালে দুই দফায় দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। উভয় পক্ষ আনুমানিক ১ হাজার রাউন্ড গুলি ছুড়েছে বলে ধারনা করা হচ্ছে।
স্থানীয়রা বলছে, দুইপক্ষের গোলাগুলির সময় স্থানীয়দের বাড়ি ঘরের আসবাপত্রে গুলি লেগেছে। এতে আসবাপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে গোলাগুলির ঘটনা সম্পর্কে আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ হতাহতের সুনির্দিষ্ট খবর দিতে পারেনি। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেন।
বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহম্মেদ গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা পাহাড়ি দুটি গ্রুপ জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলির সংবাদ পেয়েছি। এলাকাটি দুর্গম হওয়ায় হতাহতের সুনির্দিষ্ট কোন খবর পাওয়া যায়নি। তবে এই বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং পুলিশের টহল জোরদার করা হয়েছে।








