নেপালের চিতওয়ানের জেলায় অতর্কিত ভূমিধসে দুটি যাত্রীবাহী বাস ত্রিশুলী নদীতে ভেসে গেছে। এতে দুটি বাসে থাকা অন্তত ৬৩ জন এখনও নিখোঁজ রয়েছেন।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার ১২ জুলাই ভোরে রাজধানী কাঠমান্ডু থেকে একশ কিলোমিটার পশ্চিমে নারায়ণঘাট-মুগলিং মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। জানা গেছে, গতকাল থেকেই ওই অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হচ্ছিল।
প্রধান জেলা আধিকারিক ইন্দ্রদেব যাদব জানিয়েছেন, অবিরাম বৃষ্টিতে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। তিনি বলেন, দুটি বাসই ওই সময় হাইওয়ে দিয়ে যাচ্ছিল। আচমকা ধসের ফলে বাস দুটি রাস্তা থেকে ছিটকে নদীতে পড়ে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, দুটি বাসে চালকসহ মোট ৬৩ জন ছিলেন।
ঘটনার পর নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল সরকারি সংস্থাগুলোকে নিখোঁজ যাত্রীদের অনুসন্ধান ও উদ্ধারের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ভূমিধসে দুটি বাস ভেসে গেছে। বহু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় পাঁচ ডজন যাত্রী নিখোঁজ হয়েছেন। এই খবরে আমি গভীরভাবে শোকাহত। সরকারের সমস্ত সংস্থাকে আমি যাত্রীদের অনুসন্ধান এবং উদ্ধার করার নির্দেশ দিচ্ছি।
এছাড়া আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকায় কাঠমান্ডু থেকে ভরতপুরগামী সব ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সড়কপথেও যাতায়াতের সতর্কতা জারি করেছে প্রশাসন। গত কয়েক সপ্তাহ ধরে টানা বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির কারণে নেপালে ইতোমধ্যে ৬২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৯০ জন।








