যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টানা চতুর্থবারের মতো জিতেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক।
আজ ৫ জুলাই শুক্রবার সকালে ব্রিটিশ পার্লামেন্টের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ফলে দেখা গেছে, মোট ২৩ হাজার ৪৩২ ভোট পেয়ে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির এমপি হিসেবে জয় লাভ করেছেন টিউলিপ সিদ্দিক। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির হয়ে লড়েছেন তিনি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভের ডন উইলিয়ামস পেয়েছেন ৮ হাজার ৪৬২ ভোট। ২০১৯ সালের নির্বাচনের ভোটের চেয়ে টিউলিপের এবছরের ভোটের সংখ্যা দশমিক ৭ শতাংশ বেড়েছে। লেবার পার্টির এমপি হিসাবে নানা শ্যাডো দায়িত্ব পালনকারী টিউলিপ এবার লেবার পার্টি সরকারের মন্ত্রী হতে পারেন।
বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় টিউলিপ বলেন, হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের প্রতিনিধিত্ব করা আমার জন্য সম্মান। যারা তাকে ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ। যারা আমাকে ভোট দেয়নি আমি তাদেরও এমপি। তাদের জন্যও আমি কঠোর পরিশ্রম করব।







