ফিলিস্তিনের গাজা সংকট মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠনের উদ্যোগকে সমর্থন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ভোটাভুটির পর সামাজিকমাধ্যম পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি জানিয়েছে, সোমবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে যুক্তরাষ্ট্রের উত্থাপিত খসড়া প্রস্তাবের পক্ষে পরিষদের ১৩ সদস্য রাষ্ট্র ভোট দেয়। বিরোধিতা না থাকলেও রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকে। ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্তটিকে জাতিসংঘের ইতিহাসে অন্যতম বৃহত্তম অনুমোদন বলে মন্তব্য করেন।
তিনি বলেন, বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার পথে এটি হবে একটি সত্যিকারের ঐতিহাসিক মুহূর্ত। তিনি নিজে বোর্ড অব পিস-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানান। বক্তব্যে তিনি নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর পাশাপাশি কাতার, মিসর, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইন্দোনেশিয়া, তুরস্ক ও জর্ডানকেও সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
প্রস্তাব অনুযায়ী, গাজা অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, মানবিক সহায়তার রুটগুলো সুরক্ষিত রাখা এবং হামাসসহ অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র স্থায়ীভাবে নিষ্ক্রিয় করাই আইএসএফ-এর মূল দায়িত্ব হবে। এছাড়া ইসরায়েল ও মিসরের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে নতুনভাবে প্রশিক্ষিত একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠনের বিষয়টিও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, একাধিক দেশ ইতিমধ্যে এই বাহিনীতে সদস্য পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে, তবে তাদের নাম এখনো ঘোষণা করা হয়নি। প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স ও সোমালিয়া রয়েছে।








