যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার চেষ্টার অভিযোগে দায়ের করা ফৌজদারি মামলা খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় (২৫ নভেম্বর) সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ডিসট্রিক্ট জাজ তানিয়া চুটকান ট্রাম্পের বিরুদ্ধে থাকা ওই মামলাটি বাতিল করে দেন। মামলাটি খারিজ করতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছিলেন মার্কিন সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ।
স্মিথ জানান, নির্বাচনে জয়ের পর ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসলে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নিয়ম অনুযায়ী, তার বিরুদ্ধে করা মামলা খারিজ করতে হবে। কারণ বিচার মন্ত্রণালয়ের দীর্ঘস্থায়ী রীতি অনুযায়ী তারা ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা পরিচালনা করে না।
মামলাটি খারিজ হওয়ার পর ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমাকে অন্য যেসব মামলার মুখোমুখি হতে বাধ্য করা হয়েছে, সেগুলোর মতো এই মামলাগুলোও বেআইনি এবং অন্তসারশূন্য। এগুলো কখনও আদালতে আনা উচিত হয়নি।
এছাড়া প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদ শেষে নিজের কাছে সরকারি গোপন নথি রাখার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিলো, সেটিও খারিজের আবেদন করেছেন ট্রাম্প। দুই মামলাতেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন তিনি।
আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণ করে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে বসতে যাচ্ছেন ট্রাম্প। এরপর তার বিরুদ্ধে করা নির্বাচনের ফলাফল বদলানোর চেষ্টার মামলার বিচার আবারও শুরু করা যাবে বলে জানিয়েছেন বিচারপতি তানিয়া চুটকান।








