ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পৃথক বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এসব বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
মঙ্গলবার (২৮ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে গেছেন নেতানিয়াহু ও জেলেনস্কি। সফরের ফাঁকেই তারা ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক করবেন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ইরান, ইসরায়েল-লেবানন পরিস্থিতি এবং আব্রাহাম অ্যাকর্ডস নিয়ে আলোচনা হবে। ট্রাম্প সৌদি আরবকেও ওই চুক্তির আওতায় আনতে আগ্রহী।
অন্যদিকে, জেলেনস্কির সঙ্গে বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, শান্তি প্রক্রিয়া এবং ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা হবে। ইউক্রেনের পক্ষ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানা গেছে।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়া-ইউক্রেনের চলমান শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন। তার মতে, এখনই যুদ্ধের অবসান ঘটানোর সময়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ট্রাম্পের রাজনৈতিক সমর্থন পেতে আগ্রহী। অন্যদিকে, জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা এবং আকাশ প্রতিরক্ষা জোরদারের বিষয়ে ট্রাম্প প্রশাসনের সমর্থন চাইবেন।
বৈঠক শেষে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সিনেটে সদস্যদের সঙ্গেও বৈঠক করতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।







