অন্যান্য খেলা

ট্রাম্পের নির্বাহী আদেশে কেড়ে নেয়া হচ্ছে ট্রান্সজেন্ডার সাঁতারুর পদক

সাঁতারু একজন ট্রান্সজেন্ডার, জলরাশিতে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জলরাশিতে থাকা একজন ট্রান্সজেন্ডার সাঁতারু, গগলস পরা, প্রস্তুত সাঁতার কাটার জন্য. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ের সর্বোচ্চ আসর এনসিএএ চ্যাম্পিয়নশিপে প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে অংশ নিয়ে সাঁতারে স্বর্ণপদক জিতেছিলেন লিয়া থমাস। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে এবার পদক হারাতে চলেছেন পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেট লিয়া।

দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর ক্রীড়াঙ্গনেও কঠোর নীতি চালু করেছেন ট্রাম্প। যার মধ্যে একটি, মেয়েদের খেলায় ট্রান্সজেন্ডার বা লিঙ্গ রূপান্তরকারী ক্রীড়াবিদদের নিষিদ্ধ করা। সিদ্ধান্তটির কারণে পদক ও সকল ব্যক্তিগত অর্জন বাতিল হচ্ছে থমাসের।

এনসিএএ চ্যাম্পিয়নশিপে ট্রান্সজেন্ডার হিসেবে অংশ নিয়ে বিতর্কিত হন টমাস। স্বর্ণপদক জেতার পর বিতর্ক আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আগে ছেলেদের বিভাগে অংশ নেয়া লিয়ার র‍্যাঙ্কিং ছিল ৪৬২। তবে মেয়েদের বিভাগে অংশ নেয়ার পর র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসেন। এতে বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন নারী সাঁতারুরা।

বিতর্কের পর ট্রাম্প নির্বাহী আদেশে মেয়েদের প্রতিযোগিতায় ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করেন। আদেশ অবশ্য উচ্চবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ও তৃণমূল পর্যায়ের খেলায় প্রযোজ্য। আদেশে ট্রাম্প কড়া হুঁশিয়ারিও দিয়েছেন। বলেছেন, যারা এটি মানবেন না, তাদের ফেডারেল তহবিল হারাতে হতে পারে।

ট্রাম্পের আদেশ মেনে ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের মেয়েদের খেলায় অংশ নিতে দেবে না পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে প্রতিষ্ঠানটি বলেছে, ২০২১-২২ মৌসুমের রেকর্ড বই সর্বশেষ নির্দেশিকার আলোকে হালনাগাদ করা হবে। লিয়ার ব্যক্তিগত রেকর্ডগুলো মুছে ফেলা হবে ও পদক কেড়ে নেয়া হবে। তিনি ছয়টি ব্যক্তিগত ফ্রিস্টাইল সাঁতার রেকর্ডের মধ্যে তিনটির মালিক ছিলেন। ২০২২ এনসিএএ চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন।

বিষয়:ট্রান্সজেন্ডার ট্রাম্প থমাস পেনসিলভানিয়া যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…