সদ্য বিজয়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কৃষিমন্ত্রী হিসেবে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের প্রধান এবং দীর্ঘদিনের মিত্র ব্রুক রোলিন্সকে মনোনীত করেছেন। আর এই নিয়োগের মধ্য দিয়ে মন্ত্রিসভা গঠনের কাজ সম্পূর্ণ করলেন ট্রাম্প।
বিবিসি জানিয়েছে, শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এই মনোনয়ন ঘোষণা করেন ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, ব্রুক রোলিন্স আমাদের পরবর্তী কৃষিমন্ত্রী হিসেবে আমেরিকান কৃষকদের স্বার্থ রক্ষার নেতৃত্ব দেবেন যারা সত্যিই আমাদের দেশের মেরুদণ্ড।
৫২ বছর বয়সি রোলিন্স রাইট উইং থিংক ট্যাঙ্ক প্রেসিডেন্ট অব দ্য আমেরিকা ফাস্ট পোলিসি ইনস্টিটিউটের সিইও এবং ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান সহযোগী। তিনি আগের প্রশাসনে হোয়াইট হাউসের ডোমেস্টিক পলিসি কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক এবং আমেরিকান ইনোভেশন অফিসের প্রধান হিসেবে কাজ করেছিলেন।
টেক্সাসে একটি খামারে বেড়ে ওঠা রোলিন্স ছোটবেলা থেকেই কৃষির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি টেক্সাস এএন্ডএম বিশ্ববিদ্যালয় থেকে কৃষি উন্নয়নে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন।







