বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যে ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা আগামী এক আগস্ট থেকে কার্যকর হবে।
সোমবার (৭ জুলাই) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এ তথ্য জানিয়ে লেখা চিঠি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করেন তিনি।
এদিন জাপান ও কোরিয়াসহ ১৪ দেশের ওপর নতুন করে শুল্কহার নির্ধারণ করা হয়। নতুন শুল্কহারে জাপান ও দক্ষিণ কোরিয়া ২৫% শুল্কের সম্মুখীন হয়েছে।
এরআগে গত ৩ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছিলেন। পরে সেটি তিন মাসের জন্য স্থগিত করা হয়েছিল। সে সময় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল।
ট্রুথ সোশ্যালে শেয়ার করা চিঠিতে ট্রাম্প বলেন, ২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো যে কোনো বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নেবো। উচ্চ শুল্ক এড়াতে কোনো পণ্য তৃতীয় দেশ হয়ে পাঠালে সেই পণ্যে আরও বেশি শুল্ক বসবে। তবে, বাংলাদেশ বা আপনার দেশের কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রের মধ্যেই পণ্য তৈরি বা উৎপাদন করার সিদ্ধান্ত নেয়- তাহলে কোনো শুল্ক থাকবে না।’
চিঠিতে তিনি লিখেছেন, ‘যদি কোনো কারণে আপনি মার্কিন পণ্যে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেন, তবে আপনি যে সংখ্যাটি বাড়াতে চান তা আমরা যে ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছি সেটির সঙ্গে যুক্ত করা হবে।’










