আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী প্রধানের আনুষ্ঠানিক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী প্রধানের আনুষ্ঠানিক ছবি, তিনি ড্রেস ইউনিফর্মে, পেছনে সমাবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা ‘চেয়ারম্যান অব জয়েন্ট চিফস অব স্টাফ’ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া একই দিনে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঙ্কচেট্টি এবং বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস স্লিফকেও বরখাস্তের ঘোষণা এসেছে।

আজ ২২ ফেব্রুয়ারি শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, জেনারেল ব্রাউনের স্থলাভিষিক্ত হিসেবে ট্রাম্প বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জন ডান কেইনকে নিয়োগ দিয়েছেন। এই সিদ্ধান্তটি অভূতপূর্ব, কারণ জেনারেল কেইন একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং তিনি চার স্টার জেনারেল নন।

ট্রাম্প তার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একটি পোস্টে জেনারেল ব্রাউনকে ‘ভালো ভদ্রলোক’ এবং ‘অসাধারণ নেতা’ বলে উল্লেখ করেন। তবে তিনি এও ইঙ্গিত দেন যে সামরিক বাহিনীতে আরও কিছু পরিবর্তন আসতে পারে। তিনি লিখেছেন, আমি প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে আরও পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তার মনোনয়ন চূড়ান্ত করতে নির্দেশ দিয়েছি, যা খুব শীঘ্রই ঘোষণা করা হবে।

উল্লেখ্য, অ্যাডমিরাল লিসা ফ্রাঙ্কচেট্টি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী জয়েন্ট চিফ অব স্টাফ এবং নৌবাহিনীর প্রথম নারী প্রধান ছিলেন। ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী ২০২৪ সালে তার বইয়ে ফ্রাঙ্কচেট্টির সমালোচনা করে লিখেছিলেন, যদি নৌ কর্মকর্তারা ব্যর্থ হন, আমরা অন্তত মাথা উঁচু রাখতে পারব, কারণ আমাদের প্রথম নারী জয়েন্ট চিফ অব স্টাফ রয়েছে।

ট্রাম্প গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার আগেই সশস্ত্র বাহিনীতে ব্যাপক রদবদল আনার ঘোষণা দিয়েছিলেন। জেনারেল ব্রাউনকে বরখাস্তের মাধ্যমে তিনি সেই প্রক্রিয়া শুরু করেছেন।

বিষয়:যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…