আন্তর্জাতিক

সীমান্তপ্রাচীর নির্মাণে সুপ্রিম কোর্টের অনুমতি চাইল ট্রাম্প প্রশাসন

সীমান্তপ্রাচীর নির্মাণে সুপ্রিম কোর্টের অনুমতি চাইল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে বিগ বেন্ড এলাকায় সীমান্তপ্রাচীর নির্মাণের পরিকল্পনা পুনরায় শুরু করতে সুপ্রিম কোর্টের অনুমতি চেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মেক্সিকো সীমান্তে নিরাপত্তা জোরদার এবং অভিবাসন নিয়ন্ত্রণের নীতির অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

বুধবার (২১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (জাস্টিস ডিপার্টমেন্ট) সুপ্রিম কোর্টে জরুরি আবেদন করে। পরিবেশবাদী একটি সংগঠন ও অন্য কয়েকটি পক্ষের দায়ের করা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রকল্পের নির্মাণকাজ বন্ধ রাখতে নিম্ন আদালতের দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে ওই আবেদনে।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি) বিগ বেন্ড ন্যাশনাল পার্কের ভেতরে ও আশপাশে যানবাহন চলাচল ঠেকানোর প্রতিবন্ধক, টহল সড়ক, আলোকব্যবস্থা এবং সীমান্ত শনাক্তকরণ প্রযুক্তি স্থাপনের পরিকল্পনা করেছে।

বিগ বেন্ড এলাকায় যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৮০৫ কিলোমিটার (৫০০ মাইল)। তবে প্রকল্পের বিরোধীদের দাবি, যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীদের গ্রেপ্তারের মোট ঘটনার মাত্র ১ শতাংশ এ অঞ্চলে ঘটে।

প্রকল্পটির বিরুদ্ধে মামলা করেছেন পরিবেশবাদী সংগঠন সেন্টার ফর বায়োলজিক্যাল ডাইভারসিটির সদস্যরা এবং বিগ বেন্ড এলাকার একজন নদীপথের গাইডসহ কয়েকজন বাদী। তাদের লক্ষ্য ছিল ওই অঞ্চলের প্রাকৃতিক ভূখণ্ড সংরক্ষণ, একটি ঐতিহাসিক গির্জা রক্ষা এবং দ্রুত নির্মাণকাজ এগিয়ে নিতে কেন্দ্রীয় সরকারের পরিবেশ ও ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণসংক্রান্ত আইন প্রয়োগে ছাড় দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা।

প্রায় ১৭০ কোটি ডলার ব্যয়ের এ প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য সাবেক স্বরাষ্ট্র ক্রিস্টি নোয়েম এবং বর্তমান মন্ত্রী মার্কওয়েন মুলিন চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট আইন থেকে অব্যাহতি দেন। তাদের ভাষ্য ছিল, অঞ্চলটি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা। তাই সীমান্ত নিয়ন্ত্রণে অতিরিক্ত প্রতিবন্ধক স্থাপন প্রয়োজন।

গত ২ অক্টোবর এল পাসোর একটি ফেডারেল আদালতের বিচারক ক্যাথলিন কার্ডোন নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন। আদেশে তিনি বলেন, সংশ্লিষ্ট সব আইনি বাধ্যবাধকতা পূরণ না করা পর্যন্ত কাজ বন্ধ থাকবে।

আবেদনের বিষয়ে সুপ্রিম কোর্টের কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি এখনও।

এর আগে গত আগস্টে বিগ বেন্ড এলাকায় সীমান্তপ্রাচীর নির্মাণের কাজ সাময়িকভাবে স্থগিত করেছিল ট্রাম্প প্রশাসন। জাতীয় উদ্যানটির প্রাকৃতিক ভূখণ্ড ও বন্যপ্রাণীর ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের পক্ষ থেকে সমালোচনা ওঠার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়:ট্রাম্প প্রশাসন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বিগ বেন্ডে সীমান্তপ্রাচীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…