ভারতের অমৃতসর-কলকাতা ট্রেনে একজন মহিলার মাথায় মাতাল অবস্থায় এক টিকিট চেকার মূত্রত্যাগের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে আটক করা হয়েছে ওই টিকিট চেকারকে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে প্রকাশ, রোববার মধ্যরাতে একজন মাতাল টিকিট চেকার (টিটিই) ‘আকাল তখত এক্সপ্রেসের’ এ-১ কোচে একজন মহিলা যাত্রীর মাথায় মূত্রত্যাগ করেছেন বলে জানিয়েছে দেশটির সরকারি রেলওয়ে পুলিশের (জিআরপি) একজন কর্মকর্তা। ট্রেনটি অমৃতসর থেকে কলকাতা যাচ্ছিল।
ঘটনার সময় মহিলার চিৎকার শুনে ট্রেনে থাকা বাকি যাত্রীরা জড়ো হয়ে টিটিই মুন্না কুমারকে আটক করে। পরে সোমবার ট্রেনটি লখনউয়ের চারবাগ রেলওয়ে স্টেশনে পৌঁছালে মুন্নাকে জিআরপি এর কাছে হস্তান্তর করা হয়।
মহিলাটি তার স্বামী রাজেশ কুমারের সাথে ট্রেনে ভ্রমণ করছিলেন, দু’জনেই অমৃতসরের বাসিন্দা।
টিটিইকে আদালতের হেফাজতে পাঠানো হয়েছে।








