ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে মাঝ পথে আটকে আছে। তাতে ভোগান্তিতে পড়েছে বহু যাত্রী। মেরামত করতে কত সময় লাগতে পারে জানেন না ট্রেনে থাকা কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে সঠিক সময়ে ভৈরব জংশনে পৌঁছায়। সেখানে নির্দিষ্ট সময়ের যাত্রা বিরতির পর কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। ভৈরব থেকে কয়েক কিলোমিটার সামনে আসতেই ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
কিশোরগঞ্জ-ভৈরব রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। তাতে বিজয় এক্সপ্রেস, নাসিরাবাদ ও এগারো সিন্দুর গোধূলি ছাড়তে বিলম্ব হতে পারে।
ট্রেনের এটেন্ডেন মোহাম্মদ কামরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে জানিয়েছে, ‘ট্রেনের হাওয়া জটিলতায় ইঞ্জিন কাজ করছে না। কুলিয়ারচরের দিক থেকে অন্য কোন ট্রেনের ইঞ্জিনের সহযোগিতায় সেটিকে পুনরায় ভৈরব নিয়ে মেরামত করা হবে।’
অসহনীয় গরমে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।







