৮ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল

ছবি: সংগৃহীত
প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনের কাছে ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল–২’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় এই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভৈরব বাজার জংশন অতিক্রম করার পরপরই দুর্ঘটনাটি ঘটে। পরে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উদ্ধার কার্যক্রম শুরু হলে বেলা সাড়ে ১১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
বগি লাইনচ্যুত হওয়ার কারণে আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে রুটের বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকে পড়ে এবং দীর্ঘ সময় অপেক্ষায় থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ইউসুফ জানান, ট্রেনটি রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে রাত ২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার জংশনে পৌঁছায়। কেবিন মাস্টারের সংকেত পেয়ে সামনে অগ্রসর হওয়ার পর জংশন থেকে প্রায় ১৫০ মিটার দূরে ইঞ্জিনের পরের চতুর্থ কোচটি লাইনচ্যুত হয়। এর ফলে স্টেশনের দুই দিকের লাইনই অচল হয়ে পড়ে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি। পরে সকালে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বগি সরানোর কাজ সম্পন্ন করে।






