রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর সকাল থেকে ট্রেন চলাচল শুরু হলেও ব্যাপক শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
আজ (২৯ জানুয়ারি) বুধবার মধ্যরাতে ট্রেন চলাচলের সিদ্ধান্ত ঠিক হওয়ায় টিকিটধারী অনেক যাত্রীই মিস করে গেছেন ট্রেন। এসব নিয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানিয়েছেন, ট্রেনের এই শিডিউল বিপর্যয় কাটাতে দুয়েকদিন সময় লাগবে।
তবে, যে কোনো দাবিদাওয়া পূরণের জন্য সাধারণ মানুষকে যেন ভোগান্তি পোহাতে না হয়, কর্তৃপক্ষের কাছে সেই আহ্বান জানিয়েছেন সাধারণ যাত্রীরা।
ট্রেন চলাচল শুরু হলেও প্রত্যেকটি ট্রেনেই ছিল দেড় থেকে ২ ঘণ্টার শিডিউল বিপর্যয়। সিলেটগামী পারাবত এক্সপ্রেস ছেড়ে যায় সাড়ে ৪ ঘণ্টা দেরীতে।








