জনপদ

রেললাইনে আটকে পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা!

রেললাইনে আটকে পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা!

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে রেললাইনে আটকে পড়া একটি ট্রাকে ট্রেনের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চালক আহত হয়েছেন। তবে অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।

মঙ্গলবার (৩ মার্চ) রাত আনুমানিক সোয়া ১১টার দিকে বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেল গুমটি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মোকাররম, মুর্শেদ, রফিকুল ও মোবারক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি পণ্যবাহী ট্রাক রেললাইন অতিক্রম করার সময় মাঝপথে আটকে পড়ে। স্থানীয়রা ট্রাকটিকে রেললাইন থেকে সরানোর চেষ্টা চালালেও এর পেছনের অংশ লাইনের ওপরই থেকে যায়।

এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনটি ঘটনাস্থলে পৌছে যায়। রেলগেটের গেটম্যান লাল পতাকা উড়িয়ে ট্রেনটি থামানোর চেষ্টা করেন। কিন্তু ট্রেনটি সময়মতো থামতে না পেরে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উল্টে গিয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় ট্রাকচালক আল আমিন লাবু (৪৫) আহত হন। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিষয়:ট্রেনের ধাক্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…