অতিরিক্ত যানবাহনের চাপ, সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ১৪ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
রোববার ২৩ জুন দুপুরের পর থেকে কালিহাতীর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়। শনিবার মধ্যরাত থেকে রোববার দুপুর পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে ছোটখাটো দুর্ঘটনা ও একাধিক গাড়ি বিকলের ঘটনা ঘটেছে। গাড়িগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগায় যানজটের সৃষ্টি হয়।
এদিকে অতিরিক্ত ভাড়া ও গণপরিবহন সংকটে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক, পিকআপ ও বাসের ছাদে করে গন্তব্যে ছুটছেন মানুষ । যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, পরিবহনের চাপ থাকায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে। মহাসড়কে যানজট কমাতে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করছে।








