টেকনাফে সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত; আটক ৩

কক্সবাজার জেলার মানচিত্র, যেখানে শহর ও উপজেলা গুলোর অবস্থান দেখানো হয়েছে, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
কক্সবাজারের টেকনাফে লেদা নুরালীপাড়া পাহাড়ে যৌথবাহিনীর অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনীর এক সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। এ সময় তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে ৫৭ জনকে। তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা হয়েছিল।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নুরালীপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকসংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার। তিনি বলেন, পাহাড়ে যৌথবাহিনীর অভিযান চলাকালে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি হয়। এতে সেনাবাহিনীর এক সদস্য আহত হয়েছেন। অভিযানে অস্ত্র উদ্ধার ও তিনজনকে আটক করা হয়েছে। পাশাপাশি মানবপাচারের শিকার হতে যাওয়া ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংক্ষিপ্ত বার্তায় জানায়, টেকনাফের বিভিন্ন পাহাড়ে দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক মানুষকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রেখেছে পাহাড়ি সন্ত্রাসীরা। এ তথ্যের ভিত্তিতে তাঁদের উদ্ধারে সেনাবাহিনী, এপিবিএন, বিজিবি ও এসআরবি যৌথ অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি শুরু হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরীও অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।






