রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম এলাকাসহ ৩টি স্থানে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে সাজেকগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন পর্যটকরা।
স্থানীয়রা জানান, বুধবার রাতে টানা ভারী বৃষ্টির কারণে নন্দারাম এলাকায় পাহাড় ধসে পড়ে সড়কটি আংশিকভাবে বন্ধ হয়ে যায়। পরদিন বৃহস্পতিবার সকাল থেকেই সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, সড়ক পরিষ্কার করে চলাচলের উপযোগী করতে চেষ্টা চলছে। তবে মাটি ও পাথরের স্তূপ সরাতে ভারী যন্ত্রপাতির প্রয়োজন।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুলাল চাকমা বলেন,নন্দারাম এলাকায় পাহাড় ধসের কারণে সাজেকে ওঠার প্রধান সড়কটি বন্ধ হয়ে গেছে। ফলে বিপাকে পড়েছেন সাজেকে ঘুরতে আসা পর্যটকরা। পরিস্থিতি স্বাভাবিক করতে বড় আকারের এস্কেভেটরের প্রয়োজন।
এদিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন,সাজেক-বাঘাইহাট সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসের খবর পেয়েছি। তবে সেখানে সরাসরি যোগাযোগ করতে না পারায় সড়ক পুরোপুরি বন্ধ রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিচ্ছে বলে জানানো হয়েছে।







