আর পূর্বাভাস নয়, আজ রাত ঠিক ১২টায় ঘরে বসেই দেখা যাবে ‘তুফান’ তাণ্ডব! কোনো আবহাওয়া অফিস নয়, এমন খবর জানিয়েছে দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকি!
দেশ-বিদেশের বড়পর্দা কাঁপিয়ে বুধবার দিবাগত রাতে ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘তুফান’। চরকিতে সাধারণ কোনো কন্টেন্ট স্ট্রিমিং হয় সপ্তাহের বৃহস্পতিবার রাত ৮টায়, কিন্তু সিনেমা ‘তুফান’ এর ক্ষেত্রে হচ্ছে ব্যতিক্রম!
জানা গেছে, সিনেমাটি একই সঙ্গে ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইতেও মুক্তি পেতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, তাদের সাথে সময় মিলিয়েই এ সিদ্ধান্ত!
ঈদুল আযহা উপলক্ষে ১৭ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘তুফান’। দেশের বাইরেও তাণ্ডব চালায় রায়হান রাফীর এ সিনেমা। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানে, মালয়েশিয়া ও পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ’তুফান’। প্রায় সবজায়গাতেই সিনেমাটিকে সফল করে তোলেন প্রবাসী বাঙালিরা।
আদনান আদিব খান, রায়হান রাফির গল্পে, আদনান আদিব খানের চিত্রনাট্যে ’তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা।
আরও আছেন দেশের গুণী অভিনয়শিল্পীরা। সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।








