লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে গ্রামবাসী

বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখা গেছে। সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামের ভোলা নদীর চরে স্থানীয় ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) এক সদস্য এসব ছাপ দেখতে পান। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের সতর্ক করতে এলাকায় মাইকিং শুরু করেছে বন বিভাগ।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ভিটিআরটি’র সদস্য আবদুল লতিফ হাওলাদার নিজ বাড়ির পেছনে ভোলা নদীর চরে বিক্ষিপ্তভাবে বাঘের পায়ের ছাপ দেখতে পান। পরে তিনি বিষয়টি বন বিভাগ ও ভিটিআরটি সদস্যদের জানান।
ভিটিআরটি’র টিম লিডার মো. জাকারিয়া হোসাইন জানান, নদীর চরে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বাঘের পায়ের ছাপ দেখা গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে তারা বাঘের পায়ের ছাপ দেখতে পান। পায়ের ছাপ দেখে তারা ধারণা করেন, রাতে ভোলা নদী সাঁতরে বাঘটি লোকালয়ে এসেছিল। পরে সেটি সুন্দরবনে ফিরে গেছে।
তিনি আরও বলেন, স্থানীয়দের সচেতন করতে এলাকায় মাইকিং করা হচ্ছে। পাশাপাশি বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের সার্বক্ষণিক টহল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।






