পরিবেশ

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমবে গরমের তীব্রতা

বজ্রসহ আকাশে কালো মেঘের মধ্যে আলোচ্য ঝড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বজ্রপাতের সময় আকাশে কালো মেঘের মধ্যে আলোচ্য ঝড়ের দৃশ্য, বিদ্যুতের ঝলক ও অন্ধকার আকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানী ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে সাম্প্রতিক দিনের গরম থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন রাজধানীবাসী।

আবহাওয়া অধিদপ্তরের আজ (১১ অক্টোবর) শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

এদিকে শুক্রবার রাতে সারাদেশের জন্য প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বিষয়:বজ্রসহ বৃষ্টি রাজধানী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…