কুমিল্লা

নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে উল্টে পড়ল ট্রলি, গোসলে আসা তিন নারী নিহত

ঘাটে ট্রলি উল্টে পড়ে, তিন নারী নিহতের ঘটনাস্থল. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে উল্টে পড়ল ট্রলি

কুমিল্লার তিতাসে ট্রলি চাপায় তিতাস নদীতে গোসল করতে আসা একই পরিবারের তিন নারী নিহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার কড়িকান্দি ইউনিয়নের কড়িকান্দি বাজার থেকে রাজাপুর যাওয়ার সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কড়িকান্দি গ্রামের দিনমজুর ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৩৫), একই গ্রামের মো. ইমন মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩০) এবং শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫)। এরা সম্পর্কে জা হয়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে তিন নারী ঘাটে নেমে গোসল করছিলেন। সে সময় বালুভর্তি একটি ট্রলি কড়িকান্দি রাজাপুর সড়ক দিয়ে যাচ্ছিল। হঠাৎ ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় এবং সরাসরি গোসলরত তিন নারীর ওপর চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রলিটি উদ্ধার করে এবং মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করে। ট্রলির চালক গুরুতর আহত হওয়ায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে

বিষয়:কুমিল্লা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…