গাজায় ইসরায়েলের বিমান হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়ার তিন ছেলে ও বেশ কয়েকজন নাতি-নাতনি নিহত হয়েছেন।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী এবং হামাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, হামাস প্রধানের ছেলেরা ছিল হামাসের অন্যতম সংগঠক এবং তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছিল। হামাস এক বিবৃতিতে বলেছে, হানিয়াহ এর তিন ছেলে হাজেম, আমির ও মুহাম্মদ এবং তার চার নাতি-নাতনি বিমান হামলায় নিহত হয়েছেন।
হামলার পর হামাস প্রধান জানিয়েছেন, যুদ্ধের মধ্যে তার ছেলেরা গাজায় অবস্থান করছিলেন। তিনি বলেন, এভাবে তার পরিবারের সদস্যদের হত্যা করা হলেও তারা পিছু হটবেন না। তারা যেসব দাবি নিয়ে যুদ্ধ বিরতির আলোচনা চালিয়ে যাচ্ছেন, তার ওপর হামলার কোনো প্রভাব পড়বে না।
চলমান হামাস-ইসরায়েল যুদ্ধের মধ্যে এর আগেও হানিয়ার পরিবারের আরও সদস্য নিহত হয়েছেন। তার আরেক ছেলে গত ফেব্রুয়ারিতে এবং ভাই ও ভাতিজা অক্টোবরে প্রাণ হারান। এরপর নভেম্বরে নিহত হন তার এক নাতি।








