বাংলাদেশ

ছাত্র-জনতা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে: টিআইবি

প্রেস কনফারেন্সে বক্তারা ছাত্র-জনতা হত্যাকাণ্ডের শাস্তির দাবি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেস কনফারেন্সে বক্তারা ছাত্র-জনতা হত্যাকাণ্ডের শাস্তি নিশ্চিতের জন্য দাবি জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ছাত্র-জনতার আন্দোলন ঘিরে নজিরবিহীন যে হত্যাকাণ্ড হয়েছে তার জবাবদিহি নিশ্চিত করতে হবে উল্লেখ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের তালিকা সংগ্রহের কাজ শুরু করা দরকার। এ বিষয়ে জোরোলো নজর দেয়া উচিত।

বুধবার (২৮ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে ‘নতুন বাংলাদেশ: দুর্নীতি প্রতিরোধ, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা’ শিরোনামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকার জাতিসংঘের অংশগ্রহণের সম্ভাবনা নিশ্চিত করেছে। তাদের আলোচনায় মনে হয়েছে, এ বিষয়গুলো প্রাধান্য পাবে। হত্যাকাণ্ডে কারা জড়িত, কারা দায়ী, তা দ্রুত চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা হোক।

টিআইবি নির্বাহী পরিচালক বলেন, টিআইবি সরকারকে সহায়তা করার লক্ষ্য নিয়ে এসব সুপারিশ তৈরি করেছে। ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে নজিরবিহীন রক্ত ও ত্যাগের বিনিময়ে কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটে। একটি কর্তৃত্ববাদী শাসনের জায়গায় আরেকটি কর্তৃত্ববাদী শাসন যেন না আসে সেদিকে নজর দিতে হবে। তা না হলে ছাত্র-জনতার প্রত্যাশা পূরণ হবে না। অন্তর্বর্তী সরকারের কাছে ছাত্র-জনতার মূল প্রত্যাশা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন ‘নতুন বাংলাদেশ’ গড়ার উপযোগী রাষ্ট্রকাঠামো ও পরিবেশ তৈরি করা।

ইফতেখারুজ্জামান বলেন, ছাত্র-জনতার এ অভ্যুত্থান থেকে যারা লাভবান হয়েছেন, তারা জমি দখলের মতো দখলদারির দিকে চলে গেছেন। বিভিন্ন ধরনের অসমতাতান্ত্রিক রাজনৈতিক ধারারও বিকাশ হচ্ছে, এটাও আশংকাজনক।

তিনি বলেন, সরকার দায়িত্ব নিয়েছে মাত্র ২০ দিন। এত দ্রুত মূল্যায়ন করা যায় না। ধ্বংসস্তূপের জায়গায় দাঁড়িয়ে তাদের প্রত্যাশা পূরণ করতে হবে। রাজনৈতিক সংস্কৃতির যে চর্চা ছিল, তার পরিবর্তন এখনো হয়নি। চট করে পরিবর্তন আশাও করা যায় না। আদালতে অরাজকতা দেখা যাচ্ছে। যে প্রক্রিয়ায় মামলা করা হচ্ছে তা হত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে দায়ী ব্যক্তিদের সুরক্ষার জন্য করা হচ্ছে কি না, দেখা দরকার। ছাত্র-জনতা যেখানে যেতে চায়, সে পথ আরও বহু দূরে। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনকেন্দ্রিক স্বার্থের ঊর্ধ্বে থাকতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- টিআইবির নির্বাহী ব্যবস্থাপনা উপদেষ্টা সুমাইয়া খায়ের, গবেষণা ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান, একই বিভাগের জ্যেষ্ঠ গবেষণা ফেলো শাহাজাদা এম আকরাম ও মোহাম্মদ জুলকারনাইন এবং প্রচার ও যোগাযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

বিষয়:ইফতেখারুজ্জামান ছাত্র-জনতার আন্দোলন টিআইবি টিআইবি নির্বাহী পরিচালক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…