নতুন বাংলাদেশে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কেউ ব্যবহার করতে পারবে না উল্লেখ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় বিভাজনকে উস্কে দিয়ে তাদের রাজনীতির স্বার্থ হাসিলের চেষ্টা করেছে, এখন থেকে এই বাংলাদেশে এটা আর হতে দেওয়া হবে না।
শুক্রবার (১১ অক্টোবর) খুলনার গল্লামারীতে সার্বজনীন শ্রী শ্রী হরিমন্দির, সেবাশ্রম ও গুরুচাঁদ ছাত্রাবাস পরিদর্শনকালে উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, আপনারা জানালেন খুলনায় দুর্গাপূজা আনন্দের সঙ্গে পালন করা হচ্ছে। আমরা সারা দেশের ক্ষেত্রেও এটি চাই। নতুন বাংলাদেশে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কেউ ব্যবহার করতে পারবে না। সেটি নিশ্চিত করার জন্য আমরা যতদিন আছি কাজ করে যাব।
আসিফ মাহমুদ বলেন, আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। কেউ যেন কোনো প্রকার সম্প্রীতি ভঙ্গের ষড়যন্ত্র উসকে দিতে না পারে, সেক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা করতে হবে।








