প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন খাত, বিশেষত কৃষিতে কাজ করার সুযোগ রয়েছে।
আজ বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর পাকিস্তানের বিদায়ী হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবণে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, এখন নতুন প্রজন্মের যুগ, তাই দুই দেশের মধ্যে যোগাযোগ হতে পারে। শেখ হাসিনা বলেন, তার সরকার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এই লক্ষ্যে কৃষি খাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, উৎপাদন বাড়াতে কৃষি গবেষণায় প্রচেষ্টা চালানো হচ্ছে। এক্ষেত্রে কৃষি গবেষণা অত্যন্ত ইতিবাচক ফলাফল দেয়। কৃষি গবেষণার ক্ষেত্রে দুই দেশের কৃষি গবেষণা কেন্দ্রের মধ্যে পারস্পারিক সহযোগিতা হতে পারে।
শেখ হাসিনা বাংলাদেশে সফল মেয়াদের জন্য পাকিস্তান হাইকমিশনারকে ধন্যবাদ জানান।
বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অসাধারণ সাফল্যের প্রশংসা করে বলেন, বাংলাদেশে উন্নয়ন দৃশ্যমান। বাংলাদেশের মানুষ খুবই উদ্যেগী এবং পাকিস্তানের মানুষেরও এ ব্যাপারে যথেষ্ট সুনাম আছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন।







